রাজশাহীতে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির একটি দেয়াল ভেঙে ফেলা হয়েছে।
মঙ্গলবার নগরের ঘোড়ামারা এলাকার মিঞাপাড়ায় বাড়িটির অবশিষ্ট অংশে এ ঘটনা ঘটে।
উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক তার শৈশবের একটি বড় সময় সেখানে কাটিয়েছেন। প্রতিবছর ওই বাড়িতে তার জন্মবার্ষিকীও পালন করা হয়।
এদিকে, ঐতিহাসিক বাড়িটির ধীরে ধীরে ধ্বংস হয়ে যাওয়া এবং এটি দখলের চেষ্টার অভিযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মাহমুদ হোসেন মাসুদ দ্য ডেইলি স্টারকে বলেন, বাড়ির অবশিষ্ট একটি কক্ষের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি একটি বটগাছও কেটে ফেলা হয়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই জায়গা দখল ও ভেঙে ফেলার চেষ্টা চলছে। আমরা প্রতিবারই প্রতিবাদ করি, কিন্তু আবারও একই চেষ্টা করা হয়।
বাড়িটি সংরক্ষণে সরকার স্থায়ী কোনো উদ্যোগ না নেওয়ায় আক্ষেপ প্রকাশ মাহমুদ হোসেন।
তিনি আরও বলেন, আন্দোলনকারীদের সংগ্রহ করা নথি অনুযায়ী, জমিটি মূলত ঘটকের মা ইন্দুবালা দেবীর নামে নিবন্ধিত ছিল। এরশাদ সরকারের আমলে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জমিটি ইজারা দেওয়া হয়েছিল। তারা শুধু ইজারার ভিত্তিতে জমিটির মালিকানা দাবি করতে পারে না।
মাহমুদ বলেন, ২০২৪ সালে বাড়িটির বড় একটি অংশ ভেঙে ফেলা হয়।
১৯২৫ সালে জন্ম নেওয়া ঋত্বিক ঘটক শৈশবের প্রথম দিকের বছরগুলো রাজশাহীতে কাটান। তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে পড়াশোনা করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তার পরিবার ভারতে চলে যায়। এরপর বাড়িটি জেলা প্রশাসনের অধীনে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাবেক সভাপতি আহসান কবির লিটন ডেইলি স্টারকে বলেন, গত ১০ থেকে ১২ বছর ধরে বাড়িটির বিভিন্ন অংশ ধীরে ধীরে ভেঙে ফেলা হয়েছে। এর উদ্দেশ্য ছিল সম্পত্তিটি দখলে নেওয়া।
তিনি বলেন, বাড়িটির এখন মাত্র কয়েকটি কক্ষ অবশিষ্ট রয়েছে। মূল ভবনটি আগেই বিলুপ্ত হয়ে গেছে। একসময় বাড়িটিতে বসার ঘর, শোবার ঘর, উঠান ও একটি পুরোনো কূপ ছিল। এরশাদ সরকারের আমলে বাড়ির খালি অংশে পরে একটি হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্ঠা করা হয়।
কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাহারুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, কলেজ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিল। এর অংশ হিসেবে বটগাছের শিকড়ও পরিষ্কার করা হচ্ছিল। এতে হয়তো বাড়িটির ক্ষতি হয়েছে।
‘তবে জায়গাটি ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি জানার পর আরও ক্ষতি হতে পারে, এমন কাজ বন্ধ করা হয়েছে’, বলেন তিনি।
বাড়িটির অবশিষ্ট অংশ রাজশাহীর সঙ্গে ঋত্বিক ঘটকের সম্পর্কের স্মৃতিবিজড়িত কয়েকটি স্থাপনার মধ্যে অন্যতম। এটি সংরক্ষণে বিভিন্ন সময়ে দাবি জানান সাংস্কৃতিক কর্মীরা।
