রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ আরও দীর্ঘ করলেন আর্দা গুলের। তুরস্কের এই তরুণ মিডফিল্ডারের সঙ্গে ২০৩২ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি করল স্প্যানিশ জায়ান্টরা। চুক্তিতে সইয়ের পর সতীর্থদের কাছ থেকে তিনি পেলেন অভিনন্দন, এসেছে মজার সব শুভেচ্ছাবার্তাও।
গতকাল বুধবার চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রিয়াল। গুলেরের সঙ্গে তাদের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত। নতুন চুক্তিতে আরও তিন বছর বাড়ল দুই পক্ষের সম্পর্ক। অর্থাৎ আগামী ছয় বছর সান্তিয়াগো বার্নাব্যুতে থাকার প্রতিশ্রুতি দিলেন ২১ বছর বয়সী এই ফুটবলার।
চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্স দিয়েই নিজের গুরুত্ব বুঝিয়ে চলেছেন গুলের। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের ১৬ ম্যাচের ১৪টিতে খেলেছেন তিনি। গোল করেছেন চারটি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ছয়টি। বিশেষ করে আক্রমণভাগে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের সঙ্গে তার বোঝাপড়া নজর কেড়েছে।
চুক্তি নবায়নের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর গুলেরকে অভিনন্দন জানিয়েছেন সতীর্থরা। সেখানে সবচেয়ে দারুণ মন্তব্যটি করেছেন এমবাপে। গুলেরের পোস্টে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ, আজ রাতে তাহলে ভালো ঘুম হবে!’
এমবাপের মন্তব্যে পাওয়া গেছে সতীর্থের প্রতি কৃতজ্ঞতার ইঙ্গিত। মাঠে গুলেরের কাছ থেকে নিয়মিত গোলের সুযোগ পাওয়া এই ফরোয়ার্ড যেন নতুন চুক্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
তবে শুভেচ্ছার পাশাপাশি আবদারও এসেছে। গুলেরের কাছ থেকে ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’ উপহার চেয়ে মজা করেছেন আরেক ফরাসি মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনি। অধিনায়ক ফেদেরিকো ভালভার্দের শুভেচ্ছাবার্তা ছিল একটু অন্য রকম। উরুগুইয়ান এই মিডফিল্ডার একসঙ্গে আরও বহুদিন খেলার প্রত্যাশা জানিয়ে লিখেছেন, ‘এমন আরও অনেক বছরের জন্য।’
মৌসুমের শুরু থেকে গুলেরের পারফরম্যান্স, সতীর্থদের সঙ্গে তার রসায়ন এবং আক্রমণ সাজাতে ভূমিকা— সব মিলিয়ে রিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি যে গুরুত্বপূর্ণ অংশ, নতুন চুক্তি সেটিরই প্রতিফলন। ২০২৩ সালে সম্ভাবনাময় তরুণ হিসেবে ক্লাবে যোগ দেওয়া গুলের এখন দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ।
আন্তর্জাতিক বিরতি শেষে আগামী শনিবার রাতে আবার মাঠে নামবে রিয়াল। লা লিগায় নিজেদের মাঠে সেল্তা ভিগোর মুখোমুখি হবে তারা। ১২ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে লস ব্লাঙ্কোরা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
