রাজধানীর মোহাম্মদপুর, রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় ব্যবসা করতে গেলেই দিতে হচ্ছে চাঁদা। জমি বা ভবন কেনাবেচা, এমনকি ভবন ভাঙার কাজেও চাঁদা দাবি করা হচ্ছে। এসব ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের নাম ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।
এর মধ্যে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে একের পর এক হামলার ঘটনা ঘটছে। গত ২০ অক্টোবর থেকে প্রতিষ্ঠানটির গাড়িতে অন্তত ১২ বার হামলা হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ছয়জন চালক। সব মিলিয়ে এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত ২০ অক্টোবর ইমনের সহযোগী পরিচয় দেওয়া একদল ব্যক্তি এজেআরের একটি গুদামে হামলা চালায়। তারা গুদামটি ভাঙচুর ও লুটপাট করে। গুদামটি যে জমিতে, সেটির ভাড়া দাবি করেছিল তারা। এরপর প্রতিষ্ঠানটির গাড়ি ও স্থাপনায় আরও কয়েক দফা হামলার ঘটনা ঘটে।
শনিবার দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। তাদের ভাষ্য, পাশাপাশি অবস্থিত তিন এলাকায় বিভিন্ন খাতে চাঁদাবাজি বেড়েছে।
রায়েরবাজারের একটি মুরগির পাইকারি বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বছর থেকে কিছু ব্যক্তি তাদের দোকান থেকে জোর করে মুরগি নিয়ে যাচ্ছেন। এর জন্য কোনো টাকাও দিচ্ছেন না।
একপর্যায়ে ব্যবসা চালু রাখতে তারা মাসে এক লাখ টাকা চাঁদা দিতে রাজি হন। তবে তাদের অভিযোগ, ইমনের নামে চাঁদা আদায়কারীরা এখন মাসিক এই টাকার পরিমাণ আরও বাড়ানোর দাবি জানাচ্ছেন।
রায়েরবাজারের বাঁশপট্টি এলাকার ব্যবসায়ীরা বলেন, চাঁদাবাজেরা সাধারণত ছোট দোকানগুলোকে ছাড় দেন। তবে বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে টার্গেট করেন তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলার শিকার হওয়ার আশঙ্কায় রয়েছেন এসব ব্যবসায়ী।
জমি ও ভবন কেনাবেচার ক্ষেত্রেও চাঁদাবাজি চলছে। অভিযোগ রয়েছে, জমি বা ভবন হাতবদলের সময় ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের কাছেই মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে লেনদেন সম্পন্ন করতে বাধার মুখে পড়তে হচ্ছে। এমনকি কেনা সম্পত্তির দখল বুঝে পেতেও তৈরি করা হচ্ছে নানা জটিলতা।
এলাকার ভবন ভাঙার ঠিকাদারেরাও একই ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এক ঠিকাদার জানান, একটি ভবন ভাঙার জন্য ২০ লাখ টাকার কাজ পেয়েছিলেন তিনি। তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে দর-কষাকষির পর তিন লাখ টাকা দিতে বাধ্য হন তিনি।
ওই ঠিকাদারের অভিযোগ, ভবন ভাঙার কাজ চলার সময় তিন দফায় তার কাছ থেকে নির্মাণকাজে ব্যবহৃত রড নিয়ে যাওয়া হয়। এসব রডের দাম যথাক্রমে ৫০ হাজার, এক লাখ ও দেড় লাখ টাকা।
তিনি বলেন, বারবার চাঁদা দাবি ও নির্মাণসামগ্রী চুরির কারণে কাজের খরচ আগেভাগে হিসাব করা কঠিন হয়ে পড়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়ছেন ঠিকাদারেরা।
এদিকে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে একের পর এক হামলার ঘটনায় চালক ও কর্মীদের মধ্যে প্রাণভীতি তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২০ অক্টোবর থেকে রাজধানীতে তাদের গাড়িতে অন্তত ১২ বার হামলা হয়েছে। এসব ঘটনায় ছয়জন চালক আহত হয়েছেন। হামলার ঘটনায় কয়েকটি মামলাও হয়েছে।
সর্বশেষ হামলার ঘটনা ঘটে গত ৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে। ওই সময় রায়েরবাজার পাইকারি বাজারের সামনে এজেআরের একটি কাভার্ড ভ্যানের গতিরোধ করা হয়। পরে গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানের কর্মীরা জানান, মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন ব্যক্তি সেখানে আসেন। প্রথমে তারা গাড়িটি ভাঙচুর করেন। পরে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেন।
এতে গ্রাহকদের পণ্য পুড়ে যায়। বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথিপত্রও নষ্ট হয়। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ এক কোটি থেকে দেড় কোটি টাকা বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
শনিবার সিকদার মেডিকেল কলেজের পেছনে প্রতিষ্ঠানটির ডিপোতে গিয়ে কয়েকটি গাড়ি পার্ক করা অবস্থায় দেখা যায়। এর মধ্যে একটি মিনি পিকআপের সামনের কেবিন ও ইঞ্জিনের অংশ আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, গত ৫ নভেম্বর তাদের গাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছিল।
তিনি বলেন, ‘চালককে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। হামলাকারীরা গাড়ির ভেতরে থাকা অবস্থায় তাকে পুড়িয়ে মারারও চেষ্টা করেছিল। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই ডিপোর আরও দুজন চালক পৃথক হামলার ঘটনায় আহত হয়েছেন।’
এজেআরের এক চালক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিরাপদে কোথাও গাড়ি নিয়ে যেতে পারছি না। কখন, কোথায় হামলার শিকার হব, তার কোনো নিশ্চয়তা নেই। দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরাও এখন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে ডিপোর এক কর্মকর্তা জানান, সারা দেশে প্রতিষ্ঠানটির ৫০০টির বেশি গাড়ি রয়েছে। এর বেশির ভাগই কাভার্ড ভ্যান।
তিনি বলেন, ‘এভাবে সহিংসতা চলতে থাকলে সারা দেশে পণ্য সরবরাহ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।’
ওই কর্মকর্তা জানান, পুলিশ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। নিরাপত্তার আশ্বাসও দিয়েছে। তবে মাঠপর্যায়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ ইমনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এজেআর কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ নিয়মিত যোগাযোগ রাখছে। প্রতিষ্ঠানটির গাড়ির নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।
