পাবনার চাটমোহর উপজেলায় সার বিতরণে দেরি ও অনিয়মের অভিযোগ তুলে এক ডিলারের গোডাউন ও দোকান ভাঙচুর করেছেন কৃষকরা।
অভিযোগ উঠেছে, এ সময় কিছু মানুষ প্রায় ৬০০ বস্তা সার লুট করে নিয়ে গেছে।
আজ সোমবার সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সে সময় ট্যাগ অফিসার ও চাটমোহর উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
তিনি জানান, প্রদীপ কুমার নামে ওই ডিলার ইউনিয়নের কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু করেছিলেন।
‘মাত্র ১৭১টি স্লিপ দেওয়ার পর অপেক্ষমাণ কৃষকেরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় গোডাউন ভাঙচুর ও মজুত করা সার লুটপাট করা হয়। দোকানেরও ক্ষতি হয়,’ দ্য ডেইলি স্টারকে বলেন তিনি।
তিনি আরও জানান, গোডাউন থেকে ইউরিয়া, টিএসপি ও অন্যান্য সার মিলিয়ে ৬০০ বস্তার বেশি লুট করা হয়েছে। সেখানে ১ হাজার ১৮১ বস্তা সার মজুত রাখা হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আপাতত সার বিতরণ বন্ধ রাখা হয়েছে।
জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাবনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করব।’
‘এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে,’ যোগ করেন তিনি।
