জন্ম হাইতিতে, বেড়ে ওঠা আর্জেন্টিনায়। ফুটবলার হয়ে ওঠার গল্পটাও সেখানেই। এমনকি আর্জেন্টিনার বয়সভিত্তিক জাতীয় দলের জার্সিতে অভিষেকও হয়েছিল তার। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার সুযোগ সামনে আসতেই ভিন্ন সিদ্ধান্ত নিলেন স্টিফেন ‘কিকি’ রামোস। যে দেশ তাকে ফুটবলার হিসেবে গড়ে তুলেছে, সেই আর্জেন্টিনা নয়; নিজের জন্মভূমি হাইতির হয়েই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিভাবান এই তরুণ।
আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব ভেলেস সার্সফিল্ডের বয়সভিত্তিক দলের অন্যতম সেরা প্রতিভা হিসেবে বিবেচনা করা হয় ১৭ বছর বয়সী কিকিকে। দুর্দান্ত গতি, ড্রিবলিং এবং আক্রমণভাগে প্রতিপক্ষকে পরাস্ত করার সামর্থ্যের কারণে এরই মধ্যে নজর কেড়েছেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদেই আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেয়েছিলেন। তবে আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার পরিবর্তে হাইতির জার্সিতেই দেখা যাবে তাকে।
সোমবার (৯ নভেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে হাইতি ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘স্টিফেন অস্কার রামোস, ডাকনাম কিকি। ২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির পোর্ট-অ-প্রিন্সে জন্ম তার। ভেলেস সার্সফিল্ডের এই তরুণ ফুটবলার হাইতিকে বেছে নিয়েছেন এবং ব্রাজিলে অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে যোগ দেবেন।’
শুধু আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই থামেনি হাইতির ফুটবল ফেডারেশন। জন্মভূমির জাতীয় দলে ফিরতে যাওয়া তরুণকে বিশেষভাবে স্বাগতও জানিয়েছে তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গ্রেনাদিয়ে পরিবারে তোমাকে স্বাগত, কিকি। সহযোগিতার জন্য তোমার এজেন্ট ও ভেলেস সার্সফিল্ডকে ধন্যবাদ। কিকি, তুমি নিজের ঘরে ফিরেছ!’
কিকির জীবনের গল্প অবশ্য আর দশজন তরুণ ফুটবলারের মতো নয়। ২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে জন্ম তার। শৈশবেই আর্জেন্টিনার একটি পরিবার তাকে দত্তক নেয়। মাত্র কয়েক মাস বয়সে জন্মভূমি ছেড়ে পাড়ি জমান আর্জেন্টিনায়। সেখানেই বেড়ে ওঠেন, সেখানকার ভাষা ও সংস্কৃতির সঙ্গে মিশে যান। ফুটবলের প্রতি ভালোবাসাও তৈরি হয় বুয়েনস এইরেসে।
Stephen Oscar Ramos, alyas Kiki, fèt 3 avril 2009 nan Pòtoprens. Jèn jwè Vélez Sarsfield la chwazi Ayiti e pral rejwenn U-17 yo nan Brezil! FFH swete l byenvini nan fanmi Grenadye yo. Mèsi ak ajan li ak Vélez Sarsfield pou kolaborasyon an. Kiki, ou lakay ou! https://t.co/VRsAgnHMhd
— Fédération Haïtienne de Football (@fhfhaiti) November 9, 2026
ছয় বছর বয়সে পাড়ার মাঠে খেলতে দেখেই তার প্রতিভা নজরে আসে এক প্রতিবেশীর। তিনিই কিকিকে ভেলেস সার্সফিল্ডে ট্রায়াল দেওয়ার পরামর্শ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ক্লাবটির বয়সভিত্তিক দলে জায়গা করে নেন। এরপর ধাপে ধাপে এগিয়ে হয়ে ওঠেন ভেলেসের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার।
মজার বিষয়, তার ‘কিকি’ ডাকনামের সঙ্গে শুরুতে ফুটবলের কোনো সম্পর্কই ছিল না। ছোটবেলায় বারবার এই শব্দটি উচ্চারণ করতেন বলেই পরিবারের সদস্যরা তাকে কিকি নামে ডাকতে শুরু করেন। তবে ফুটবলার হিসেবে পরিচিতি পাওয়ার পর ডাকনামটি অনেকের কাছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে মনে করিয়ে দেয়। যদিও খেলার ধরনে তাকে তুলনা করা হয় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে।
গতি, শারীরিক শক্তি, একের বিপরীতে এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার দক্ষতা এবং গোল করার সামর্থ্য তাকে অন্যদের থেকে আলাদা করেছে। এসব গুণের কারণেই ভেলেসের একাডেমিতে দ্রুত উন্নতি করেছেন কিকি। গত সেপ্টেম্বরে ক্লাবটির সঙ্গে নিজের প্রথম পেশাদার চুক্তিও করেছেন তিনি, যার মেয়াদ ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত।
কিকির প্রতিভা নজর এড়ায়নি আর্জেন্টিনার বয়সভিত্তিক জাতীয় দলের কোচ দিয়েগো প্লাসেন্তেরও। তাকে অনূর্ধ্ব-১৭ দলের অনুশীলন ক্যাম্পে ডাকা হয়েছিল। পরে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় তার। একই প্রতিপক্ষের বিপক্ষে পরের ম্যাচে গোলও করেন। তখন মনে হচ্ছিল, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন তিনি।
কিন্তু বিশ্বকাপের ঠিক আগে সেই সম্ভাবনার পথ থেকে সরে দাঁড়িয়েছেন কিকি। প্লাসেন্তের সাম্প্রতিক ক্যাম্পগুলোতে তাকে দেখা যায়নি। শেষ পর্যন্ত জন্মভূমি হাইতির প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন তরুণ এই ফরোয়ার্ড।
আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ৪৮ দলের এই আসরে ‘ডি’ গ্রুপে হাইতির প্রতিপক্ষ ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ে। অন্যদিকে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, মোজাম্বিক ও ডেনমার্ক। গ্রুপ পর্বে দুই দেশের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে নকআউট পর্বে দুই দল এগিয়ে গেলে সাবেক সতীর্থদের বিপক্ষেও মাঠে নামতে হতে পারে কিকিকে।
