টানা চতুর্থ দিনের মতো রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়লে তারা সড়ক ছেড়ে যেতে বাধ্য হন।
মজুরি বাড়ানো, ন্যূনতম মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে আজ সকাল ১০টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কের আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় অবস্থান নেন। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী মেহেদী হাসান জানান, দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে নিক্ষেপের পর বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যান এবং দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।
তাদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য দাবি পূরণের জন্য কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।
শ্রমিকেরা জানান, দাবি আদায়ের লক্ষ্যে বাধ্য হয়েই তারা রাজপথে নামতে হয়েছে।
পোশাকশ্রমিক রিফা বেগম বলেন, সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আরেক আন্দোলনকারী রুমি জানান, বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, আমরা ৩০ হাজার টাকা বেতন চাই।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার রেজাউল করিম জানান, দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করে। একদল শ্রমিক সরে যেতে রাজি হলেও, অন্য একটি দল পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপের চেষ্টা করে। এরপর পুলিশ তাদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
