দক্ষিণ আফ্রিকায় কেমন করবে বাংলাদেশ টেস্ট দল? এটা এখন বড় প্রশ্ন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারা নাজমুল হোসেন শান্তরা আছেন কিছুটা চাপে। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত আগস্টে পাওয়া ঐতিহাসিক জয় যেন কোনো দূরের ঘটনা। তবে সাম্প্রতিক ছন্দ ভালো না হলেও বাংলাদেশ দলকে ভীষণ সমীহ করছে দক্ষিণ আফ্রিকা। সম্প্রচারক সুপারস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কেশব মহারাজ, সাইমন হার্মার আর এইডেন মার্করাম বলছেন, তাদের জন্য অপেক্ষায় কঠিন লড়াই।
কেশব মহারাজ
‘বাংলাদেশ আসলেই খুব ভালো খেলছে। সাদা বলের ক্রিকেটে তারা সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল ছিল। এখন টেস্টেও তারা সেই ছাপ রাখছে; বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করে এসেছে, যা দীর্ঘদিন তাদের ছিল না। তাদের দারুণ কিছু ফাস্ট বোলার আছে, কিছু তরুণ খেলোয়াড়ও উঠে আসছে। ব্যাটিংয়েও তারা চমৎকার ভারসাম্য খুঁজে পেয়েছে এবং তাদের বিশ্বমানের কিছু স্পিনারও রয়েছে। তাই এই দলটিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে কোনো দলকেই হালকাভাবে নেওয়া ঠিক হবে না, কারণ এখানে অনেক পয়েন্ট ও শতাংশের হিসাব জড়িয়ে আছে। হ্যাঁ, তারা এখন একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় আসার আগে তারা প্রচুর ক্রিকেট খেলেছে, যা তাদের জন্য দারুণ এক প্রস্তুতি বা কার্টেন-রেইজার হিসেবে কাজ করেছে।’
‘আমার মনে হয় ওরা অনেক উন্নতি করেছে। ওদের এমন কিছু বোলার আছে যারা বেশ গতিতে বল করতে পারে, ভালো স্পিনার আছে এবং ভালো ব্যাটারও আছে। তাই এটি বেশ কঠিন একটি পরীক্ষা হতে যাচ্ছে। আমার মতে, আমরা এখন পর্যন্ত যত বাংলাদেশ দলের মুখোমুখি হয়েছি, এটিই সবচেয়ে শক্তিশালী দল। এবং আমি নিশ্চিত করে বলতে পারি, আমরা ওদের মোটেও হালকাভাবে নেব না, কারণ আমরা জানি ওরা কী করতে সক্ষম।’
এইডেন মার্করাম
‘স্বভাবতই ওরা সব সময়ই স্পিনের বিপক্ষে ভালো ব্যাটার এবং ওদের বোলিং আক্রমণেও ভালো স্পিনার আছে। এখন ওরা প্রমাণ করছে যে ওদের এমন ব্যাটার আছে যারা গতি ও বাউন্স সামলাতে পারে। পাশাপাশি পেস-বান্ধব কন্ডিশনে গতি ও সঠিক জায়গায় বল করার মতো দারুণ বোলিং আক্রমণও ওদের রয়েছে। তাই আমার মনে হয়, ওরা এখন আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ দল। অস্ট্রেলিয়ায় ওরা যা করে দেখিয়েছে, সেটিই এর প্রমাণ। আমার কোনো সন্দেহ নেই যে ওরা এখানেও একই মানসিকতা নিয়ে খেলতে আসবে। আমাদেরও শতভাগ প্রস্তুত থাকতে হবে এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজের জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে।’
