Homeসারাদেশমিরপুরে বাসায় ফেরার পথে তরুণীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত

মিরপুরে বাসায় ফেরার পথে তরুণীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত

রাজধানীর মিরপুরের রূপনগরে সহকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খেতে বাসায় ফিরছিলেন পোশাকশ্রমিক নূপুর আক্তার (১৯)। কারখানা থেকে বের হয়ে কিছুদূর যেতেই তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন এক যুবক। নিজেকে রক্ষায় হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করেও রক্ষা পাননি নূপুর। একপর্যায়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে রূপনগরের শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নূপুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, নূপুরের শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

নূপুর ভোলার লালমোহনের মোখলেছুর রহমানের মেয়ে। তিনি রূপনগর আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।

স্থানীয়রা জানান, নূপুরকে ছুরিকাঘাতের পর ওই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে অভিযুক্ত মোহাম্মদ রায়হান মিয়াকে (২০) আটক করে পুলিশ।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, রায়হান স্থানীয় একটি প্রতিষ্ঠানে কাজ করেন।

ঢামেক হাসপাতালে নূপুরের বোন লিজা আক্তার ডেইলি স্টারকে বলেন, ‘এক বছর ধরে রাস্তায় নূপুরকে বিরক্ত করতেন রায়হান। এক সপ্তাহ আগে বিয়ের প্রস্তাব দিলেও নূপুর রাজি হননি। মঙ্গলবারও নূপুরকে হুমকি দেন রায়হান।’

 

RELATED ARTICLES

Most Popular