গত মার্চে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ চলাকালে গ্যালারি থেকে ইসলামবিদ্বেষী স্লোগান দিয়েছিল স্পেনের ভক্ত-সমর্থকরা। এর দায়ে দেশটির ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) শাস্তি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার জানিয়েছে, সাজাস্বরূপ স্প্যানিশ ফেডারেশনকে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের গ্যালারির একটি অংশ দর্শকদের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অপ্রত্যাশিত এই ঘটনাটি ঘটেছিল লা লিগার ক্লাব এস্পানিওলের ঘরের মাঠ আরসিডিই স্টেডিয়ামে। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিমূলক সেই ম্যাচে মিশরের সঙ্গে ০-০ গোলে ড্র করে স্পেন। খেলা চলাকালে স্প্যানিশ সমর্থকদের একটি অংশ অন্তত দুবার ‘যে লাফাবে না, সে মুসলিম’ বলে চরম আপত্তিকর ও বৈষম্যমূলক স্লোগান দেয়।
দ্বিতীয়বার এমন স্লোগানের পর স্টেডিয়ামের মাইকে সমর্থকদের অবিলম্বে সতর্ক করা হয়। একইসঙ্গে বড় পর্দায় বৈষম্যবিরোধী বার্তা প্রদর্শন করা হয়।
ম্যাচ শেষে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। ইসলাম ধর্মের অনুসারী এই তারকা এমন আচরণকে চরম অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। পাশাপাশি জড়িতদের ‘অজ্ঞ ও বর্ণবাদী’ হিসেবে মন্তব্য করেন তিনি।
ঘটনার পরপরই স্প্যানিশ পুলিশ তদন্তে নামে। পরবর্তীতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে।
তদন্তের শুনানিতে আরএফইএফ যুক্তি দিয়েছিল যে, ‘মুসলিম’ শব্দটি কোনো গালি বা অপমানজনক শব্দ নয়। তাই এটিকে বর্ণবাদ ও বৈষম্যবিরোধী ধারার (অনুচ্ছেদ ১৫) আওতায় না ফেলে রাজনৈতিক বা ধর্মীয় বার্তার ধারার (অনুচ্ছেদ ১৭) অধীনে বিচার করার দাবি জানায় তারা।
তবে ফিফার শৃঙ্খলা কমিটি সেই যুক্তি সরাসরি খারিজ করে দেয়। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দেয়, বৈষম্যমূলক আচরণের বিচারের ক্ষেত্রে সরাসরি কোনো আপত্তিকর শব্দ ব্যবহার করতে হবে এমন নয়। বরং যদি নির্দিষ্ট প্রেক্ষাপটে কোনো শব্দ কাউকে ছোট করা, খোঁচা দেওয়া বা অপমান করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তবে তা বৈষম্যমূলক আচরণ হিসেবেই গণ্য হবে।
এই চূড়ান্ত সিদ্ধান্তের পর আর্থিক জরিমানার পাশাপাশি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের অন্তত ১৫ শতাংশ আসন খালি রাখার নির্দেশ জারি করেছে ফিফা।
