Homeসারাদেশ৪ বিদেশি প্রতিষ্ঠান থেকে সরাসরি এলএনজি কিনবে সরকার

৪ বিদেশি প্রতিষ্ঠান থেকে সরাসরি এলএনজি কিনবে সরকার

দেশের জ্বালানি চাহিদা মেটাতে চারটি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থনৈতিকবিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এছাড়া ২০২৭ সালের পবিত্র রমজান মাসের জন্য ৬ হাজার ২০০ টন খেজুর কেনার দরপত্র জমা দেওয়ার সময়সীমা কমানো ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক কভারেজ স্থাপনের নীতিগত প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮ ধারা ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুযায়ী জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের (জেরাজিএম) কাছ থেকে সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।

এ প্রস্তাবে পেট্রোবাংলা ও জেরাজিএমের মধ্যে স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তির (এসপিএ) চূড়ান্ত কাঠামো ও টার্ম শিটে স্বাক্ষরের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

একই আইন ও বিধিমালার আওতায় সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেডের কাছ থেকে সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশও করেছে কমিটি।

এছাড়া ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড ও উজ্জি জেমস বীহাইভের কাছ থেকেও সরাসরি এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলএনজি কেনার এ তিনটি প্রস্তাব সভায় উপস্থাপন করে।

অন্য এক সিদ্ধান্তে ২০২৭ সালের রমজান মাসের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর কেনার দরপত্র প্রণয়ন ও জমা দেওয়ার সময় কমানোর প্রস্তাব নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।

রাষ্ট্রের জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধির আওতায় বাণিজ্য মন্ত্রণালয় এ প্রস্তাব উপস্থাপন করে।

এছাড়া ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে মোবাইল নেটওয়ার্ক কভারেজ স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ প্রস্তাব উপস্থাপন করে।

RELATED ARTICLES

Most Popular