Homeসারাদেশভূত মানেই সাদা পোশাক—এমন ধারণা এলো কীভাবে

ভূত মানেই সাদা পোশাক—এমন ধারণা এলো কীভাবে

ভূত বলতেই চোখের সামনে ভেসে ওঠে সাদা কাপড়ে ঢাকা একটি অবয়ব। কখনো সেটি শূন্যে ভাসছে, কখনো অন্ধকারে মিটমিট করে জ্বলছে। সিনেমা, কার্টুন কিংবা ভৌতিক গল্প—সবখানেই ভূতের চেহারা প্রায় একই। কিন্তু ভূতকে সাদা পোশাকেই দেখা যায় কেন? এই ধারণার শুরুই বা কোথায়?

মজার ব্যাপার হলো, ভূতের চেহারা সব সময় এমন ছিল না। কয়েকশ বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, একেক যুগে মানুষ ভূতকে একেকভাবে কল্পনা করেছে। কখনো কঙ্কাল, কখনো পচে যাওয়া মৃতদেহ, আবার কখনো সাধারণ মানুষের মতো দেখানো হয়েছে তাদের।

সম্প্রতি আমেরিকান হান্টিং পডকাস্টে হাজির হন ‘দ্য গোস্ট: অ্যা কালচারাল হিস্টোরি’ বইয়ের লেখক সুসান ওয়েনস। তার সঙ্গে আলাপ হয় অনুষ্ঠানটির উপস্থাপক ট্রয় টেলরের। তাদের আলাপনে ভূতের এই বদলে যাওয়া চেহারার বিষয়টি আসে।
তাদের বক্তব্যে উঠে এসেছে, আজকের পরিচিত সাদা ভূতের পেছনে রয়েছে শিল্পকলা, সাহিত্য, নাটক ও সিনেমার দীর্ঘ ইতিহাস।

একেবারেই না। প্রাচীনকালে ভূতের কোনো নির্দিষ্ট চেহারা ছিল না। সংস্কৃতি ও সময়ভেদে মানুষ তাদের কল্পনা করেছে নানা রূপে। কখনো ছায়ামূর্তি, কখনো কঙ্কাল, আবার কখনো পচে যাওয়া মরদেহ হিসেবে।

লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট জাদুঘরের সাবেক কিউরেটর সুসান ওয়েনস বলেন, শিল্পীরা সব সময় ভূতকে এমনভাবে ফুটিয়ে তুলতে চেয়েছেন, যেন বোঝা যায় এটি সাধারণ কোনো মানুষ নয়। প্রাচীন চিত্রে ভূতকে ফ্যাকাশে দেখানো হলেও সব সময় সাদা রঙে নয়। কোথাও পাথরে খোদাই করে, কোথাও আবার উজ্জ্বল রং ব্যবহার করেও তাদের অবয়ব তৈরি করা হয়েছে।

প্রাচীন গ্রিক মহাকাব্য ওডিসিতে মৃতদের দেখানো হয়েছে ছায়ামূর্তি হিসেবে। তবে মধ্যযুগে ব্রিটেনে ভূতের চেহারা আরও ভয়ংকর হয়ে ওঠে। তখন তাদের কবর থেকে উঠে আসা মৃতদেহের মতো দেখানো হতো। কারও শরীর কঙ্কালের মতো, কারও আবার পচে গেছে। ছেঁড়া ও মলিন কাফনের কাপড় ঝুলত শরীরে।

সুসান ওয়েনসের মতে, এসব ছবি মানুষের মনে মৃত্যুর ভয় এবং জীবনের ক্ষণস্থায়িত্বের কথা মনে করিয়ে দিত। এর মধ্য দিয়ে একটি নৈতিক বার্তাও দেওয়া হতো—নিজেকে শুধরে নাও, কারণ একদিন সবার পরিণতি হবে একই।

তখন মানুষের বিশ্বাস ছিল, মৃত মানুষের আত্মা সাময়িকভাবে পরকালের শাস্তির স্থান থেকে বেরিয়ে জীবিতদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এমনকি কাক, কুকুর কিংবা ত্রিপলের টুকরোর মধ্যেও আত্মা প্রবেশ করতে পারে বলে ধারণা ছিল।

ষোড়শ শতকে নাটকের মঞ্চে ভূতের উপস্থিতি বাড়তে থাকে। অভিনেতারা নোংরা কাফনের কাপড় পরে ভূতের চরিত্রে অভিনয় করতেন। তবে তাদের অভিনয় দেখে দর্শকেরা ভয় পাওয়ার চেয়ে হাসাহাসিই বেশি করতেন।

শেকসপিয়রের হ্যামলেট নাটকে হ্যামলেটের বাবার ভূতকে দেখা যায় যুদ্ধের বর্ম পরা অবস্থায়। অর্থাৎ, তখনো ভূতের পোশাকের কোনো নির্দিষ্ট ধরন তৈরি হয়নি।

অষ্টাদশ শতকের শেষ দিকে ভূতের চেহারায় বড় পরিবর্তন আসে। শিল্পী জর্জ রমনি ও জন ফ্ল্যাক্সম্যান প্রাচীন গ্রিক পোশাকের আদলে ঢিলেঢালা কাপড়ে ঢাকা ভূতের ছবি আঁকতে শুরু করেন। এতে মৃতদেহের বদলে তৈরি হয় রহস্যময় এক অবয়ব।

একই সময়ে মরদেহ সাদা লিনেন কাপড়ে মোড়ানোর প্রচলন বাড়ে। জনপ্রিয় ছবিতেও ভূতকে সাদা পোশাকে দেখানো শুরু হয়।

ভূতকে স্বচ্ছ দেখানোর ধারণাও আসে এ সময়। ফ্যান্টাসমাগোরিয়া নামের একধরনের ভৌতিক বিনোদনে বিশেষ প্রজেক্টরের সাহায্যে পর্দায় এমন ছবি দেখানো হতো, যেগুলোকে মনে হতো ভাসছে, নড়ছে কিংবা মিলিয়ে যাচ্ছে।

উনিশ শতকের শুরুতে সাদা পোশাক পরা মানুষকে ভূত ভেবে ভুল করার ঘটনাও ঘটেছে। ১৮০৩-০৪ সালে লন্ডনের হ্যামারস্মিথ এলাকায় সাদা পোশাক পরা এক ভূত দেখার খবর ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা রাতে পাহারা দিতে শুরু করেন। ১৮০৪ সালের ৩ জানুয়ারি ফ্রান্সিস স্মিথ নামে এক ব্যক্তি সাদা পোশাক পরা রাজমিস্ত্রি থমাস মিলউডকে ভূত ভেবে গুলি করে হত্যা করেন। পরে জানা যায়, তিনি ছিলেন একজন সাধারণ মানুষ।

এরপর সাহিত্যেও স্বচ্ছ ভূতের ধারণা জনপ্রিয় হয়। চার্লস ডিকেন্সের ১৮৪৩ সালের এ ক্রিসমাস ক্যারল উপন্যাসে জ্যাকব মার্লির ভূত এতটাই স্বচ্ছ যে তার শরীরের ভেতর দিয়ে অন্য পাশ দেখা যায়।

ভিক্টোরীয় যুগে ফটোগ্রাফিতে ভূতের ছবি তোলার দাবিও ওঠে। ১৮৬০-এর দশকে জনপ্রিয় হয় ‘পেপারস গোস্ট’ নামের মঞ্চকৌশল। কাচ, আলো ও আড়ালে থাকা অভিনেতার সাহায্যে মঞ্চে স্বচ্ছ ভূতের অবয়ব তৈরি করা হতো।

বিংশ শতকে সিনেমা ও কার্টুন সাদা ভূতের চেহারাকে আরও জনপ্রিয় করে। ১৯৩৭ সালের ডিজনি কার্টুন লোনসাম ঘোস্ট, ১৯৪৫ সালের ক্যাস্পার দ্য ফ্রেন্ডলি গোস্ট এবং ১৯৬৬ সালের ইট’স দ্য গ্রেট পাম্পকিন, চার্লি ব্রাউন এই পরিচিত চেহারাকে মানুষের মনে স্থায়ী করে দেয়।

ভূত নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন এমন অনেকের মতে, ভূতের নির্দিষ্ট কোনো রং নেই। ট্রয় টেলর জানান, অতীতের বিভিন্ন বর্ণনায় ভূতকে সাধারণ মানুষের মতোই দেখা গেছে। তাদের পোশাক, মুখের গড়ন, এমনকি দাড়ি-গোঁফও ছিল জীবিত মানুষের মতো।

কেউ ভূতকে ধূসর, কেউ সাদা, আবার কেউ বাদামি-লালচে বা রংহীন হিসেবে বর্ণনা করেছেন। কেউ দেখেছেন কালো ছায়ামূর্তি, আবার কেউ বলেছেন ভূত আলো ছড়ায়। মনস্তাত্ত্বিক গবেষক জি এন এম টাইরেল এমন কিছু ঘটনার বিবরণও পরীক্ষা করেছেন, যেখানে ভূতের প্রতিবিম্ব আয়নায় দেখা গেছে, পায়ের শব্দ শোনা গেছে, এমনকি তাদের কথা বলতেও দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

তবে এসব বর্ণনা ভূতের অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণ নয়। ভূত সত্যিই আছে কি না, তারও নিশ্চিত উত্তর মেলেনি। তাই সাদা চাদরে ঢাকা ভূতের পরিচিত চেহারাটি আসলে কয়েক শত বছরের শিল্প, সাহিত্য, নাটক, সিনেমা ও মানুষের কল্পনার সম্মিলিত সৃষ্টি।

RELATED ARTICLES

Most Popular