আজকের এই দিনে এক কিংবদন্তি আরেক কিংবদন্তিকে ছাড়িয়ে উঠেছিলেন নতুন চূড়ায়। ২০০৮ সালের ১৭ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হন ভারতের শচীন টেন্ডুলকার।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালি টেস্টের প্রথম দিনে ৮৮ রানের ঝলমলে ইনিংস খেলেন লিটল মাস্টার খ্যাত শচীন। ১১১ বলে ১০টি চারের সাজানো এই ইনিংস খেলার পথে এই সংস্করণে রান সংগ্রাহকদের তালিকায় সবার উপরে উঠে যান তিনি।
শুধু তাই নয়, দ্য প্রিন্স খ্যাত লারার ১১ হাজার ৯৫৩ রান ছাপিয়ে প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন শচীন। তাছাড়া, সাদা পোশাকের ক্রিকেটে এটি ছিল তার ৫০তম ফিফটি।
১২ হাজার রান পূর্ণ করার পর ব্যাট শূন্যে তুলে ধরেন শচীন, খোলেন হেলমেট এবং তাকান আকাশের দিকে— সাধারণত কোনো সেঞ্চুরি ছোঁয়ার পর যা ছিল তার উদযাপনের কায়দা। মাঠে যে যেখানে ছিলেন, সেখান থেকেই প্রায় সব অস্ট্রেলিয়ান খেলোয়াড় তাকে অভিনন্দন জানাতে এগিয়ে এসেছিলেন।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো শচীন এখনও ধরে রেখেছেন টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ড। ২০০ ম্যাচের ৩২৯ ইনিংসে ৫৩.৭৮ গড়ে তার সংগ্রহ ১৫ হাজার ৯২১ রান। তার নামের পাশে সেঞ্চুরি ৫১টি ও ফিফটি ৬৮টি।
