Homeস্পোর্টসসত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

শঙ্কা সত্যি করে দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশ থেকে ছিটকেই গেলেন হাসান মাহমুদ। কনুইয়ের চোটে সফরের মাঝপথে বাংলাদেশে ফিরতে হচ্ছে ২৭ বছর বয়সী এই ডানহাতি পেসারকে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলাকালে ডান হাতের কনুইয়ে চোট পেয়েছেন হাসান। ফলে আসন্ন দ্বিতীয় ও শেষ টেস্টের পাশাপাশি পরবর্তীতে দুই দলের সাদা বলের সিরিজেও খেলতে পারবেন না তিনি।

আগের দিন জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারের পর শঙ্কা জানিয়ে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘আমি এখনো নিশ্চিত নই। ফিজিও ও ট্রেনার তার দেখভাল করছেন। ফিট থাকলে সে (হাসান) দ্বিতীয় টেস্ট খেলবে।’

বিসিবি জানিয়েছে, বাংলাদেশ দলের সামনে থাকা আন্তর্জাতিক সূচিতে অংশ নেওয়ার আগে হাসানকে পর্যাপ্ত বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার সুযোগ দিতে চায় তারা। সেকারণেই তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের পেসারদের মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ছন্দে থাকা হাসানের ডান কনুইয়ের চোটের ইতিহাস অবশ্য পুরনো। গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজে এই কারণে খেলতে পারেননি তিনি। এরপর অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে আবারও চোটটি মাথাচাড়া দিয়ে ওঠে।

তবুও পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্টেই খেলেন হাসান। পাকিস্তান সিরিজে অনুপস্থিত থাকলেও চলতি বছর বাংলাদেশের বাকি সাতটি টেস্টের সবকটিতেই অংশ নিয়েছেন তিনি।

এই মুহূর্তে পেস আক্রমণের সেরা ভরসা হাসানের ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য নিশ্চিতভাবেই বড় ধাক্কা। তাকে ছাড়া দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে ভুগতে হতে পারে টাইগারদের।

RELATED ARTICLES

Most Popular