আগের দিনটা ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছিল সফরকারীরা। তবে চতুর্থ দিনের সকালে পুরো চিত্রটাই বদলে দিলেন পাকিস্তানের অভিষিক্ত স্পিনার সাকিব খান। দুর্দান্ত বোলিংয়ে একাই তুলে নিলেন ৭ উইকেট। তার ঘূর্ণিতে মাত্র ৪২ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বড় লিড নেওয়ার সুযোগ হাতছাড়া করল শ্রীলঙ্কা।
রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার প্রথম টেস্টের চতুর্থ দিনে ৪ উইকেটে ৪০৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। তবে আগের দিনের সংগ্রহের সঙ্গে মাত্র ৪২ রান যোগ করতেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। ৪৪৬ রানে অলআউট হয়ে পায় ১২ রানের লিড।
অভিষেক টেস্টেই ১৩০ রানে ৭ উইকেট নেন সাকিব। পাকিস্তানের টেস্ট ইতিহাসে অভিষেকে এক ইনিংসে সাত উইকেট নেওয়া চতুর্থ বোলার তিনি।
মেঘলা সকালে দিনের প্রথম ওভারেই শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধসের সূচনা করেন সাকিব। আগের দিনের ১৬৭ রানের সঙ্গে কোনো রান যোগ করার আগেই ধনাঞ্জয়াকে ফিরিয়ে দেন তিনি। উইকেটকিপার গাজি ঘোরির হাতে ক্যাচ দেন লঙ্কান এই ব্যাটসম্যান। ৪০৫ মিনিটের ইনিংসে ২০টি চার মারেন ধনাঞ্জয়া।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক কুশল মেন্ডিসও। দিনের পঞ্চম ওভারে সাকিবের শিকার হওয়ার আগে আগের দিনের সংগ্রহের সঙ্গে যোগ করতে পারেন মাত্র ২ রান। ১০ চার ও ৪ ছক্কায় ১১৯ রান করেন তিনি। ধনাঞ্জয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ২৪৯ রানের জুটি গড়েছিলেন লঙ্কান অধিনায়ক।
দুই সেঞ্চুরিয়ানকে হারিয়ে বিপদে পড়া শ্রীলঙ্কা আর ঘুরে দাঁড়াতে পারেনি। সোনাল দিনুশাকে (২০) স্লিপে ক্যাচ বানিয়ে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন সাকিব। এরপর লাহিরু কুমারা (০) ও আসিথা ফার্নান্দোকে (৪) ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন অভিষিক্ত এই বোলার।
এর আগে পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টের এক ইনিংসে সাত উইকেট নেওয়ার কীর্তি ছিল মাত্র তিনজনের। পেসার মোহাম্মদ জাহিদ ৬৬ রানে ৭ উইকেট, অফ স্পিনার মোহাম্মদ নাজির ৯৯ রানে ৭ উইকেট এবং লেগ স্পিনার আবরার আহমেদ ১১৪ রানে ৭ উইকেট নিয়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন সাকিব।
শ্রীলঙ্কাকে অল্প লিডে আটকে দেওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালোই করেছে পাকিস্তান। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ১ উইকেটে ৩৯ রান তুলেছে স্বাগতিকরা। ১১ রান করে আউট হয়েছেন ওপেনার তৈয়ব আরিফ। আজান আওয়াইস ১৬ ও মোহাম্মদ তাহা ১২ রানে অপরাজিত আছেন।
প্রথম ইনিংসের ১২ রানের ঘাটতি পুষিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে ২৭ রানে এগিয়ে পাকিস্তান।
