Homeস্পোর্টসওয়ারিকন একাই বাংলাদেশের তিন স্পিনারের সমান

ওয়ারিকন একাই বাংলাদেশের তিন স্পিনারের সমান

সিলেট টেস্ট ড্র হলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পুরো সিরিজে দুই দলের স্পিনারদের কার্যকারিতার পার্থক্যে স্পষ্ট ধরা পড়েছে চেনা কন্ডিশনে স্বাগতিকদের সীমাবদ্ধতা। মিরপুরে ৯টি আর সিলেটে ৭টি—দুই টেস্টে মোট ১৬ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকন। 

অন্যদিকে, নিজেদের চেনা কন্ডিশনে পুরো সিরিজে বাংলাদেশের তিন নিয়মিত স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান মিলে সম্মিলিতভাবে নিতে পেরেছেন ১৬ উইকেট। অর্থাৎ, বাংলাদেশের পুরো স্পিন আক্রমণ মিলে যা করেছে, ওয়ারিকন একা করেছেন ঠিক সেটাই।

মিরপুর টেস্টের পথ ধরে সিলেট টেস্টেও বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বোলিংয়ের মূল তফাত গড়ে দিয়েছে বলের গতি, লেন্থ আর লুপ। সিলেটের উইকেট অতি মাত্রায় ফ্লাট থাকায় রেজাল্ট আসেনি, তবে দাপট দেখিয়েছে সফরকারীরাই। স্বাগতিক স্পিনারদের তুলনায় কিছুটা ধীরগতিতে বোলিং করে বাড়তি সুবিধা বাগিয়ে নিয়েছেন ক্যারিবিয়ান স্পিনার ওয়ারিকন।

নিজের দেশের কন্ডিশন হওয়া সত্ত্বেও প্রতিপক্ষের চেয়ে মানিয়ে নিতে বেশি সময় নেওয়া স্বাগতিকদের জন্য চিন্তার বিষয়। ঘরের মাঠে বছরের পর বছর অতিরিক্ত স্পিন সহায়ক উইকেট বানিয়ে খেলার অভ্যাসই যেন বাংলাদেশি স্পিনারদের সঠিক লেন্থ বেছে নেওয়ার দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

চলতি সিরিজের দুই টেস্ট জুড়েই মেহেদী হাসান মিরাজ কিংবা তাইজুল ইসলামকে সেভাবে শূন্যে বল ভাসিয়ে লুপ দিতে দেখা যায়নি। তাদের বোলিং লেন্থও ক্যারিবিয়ান ব্যাটারদের এভাবে সামনে টেনে আনতে পারেনি।

যদিও তাওহিদ হৃদয়ের মহাকাব্যিক অপরাজিত ইনিংসে ভর করে শেষ পর্যন্ত সিলেট টেস্ট ড্র করতে সক্ষম হয় বাংলাদেশ, কিন্তু দুই টেস্টের সামগ্রিক চিত্রে স্পিন আক্রমণের চিন্তাভাবনার যোজন যোজন তফাত ফুটে উঠেছে স্পষ্ট হয়ে। স্পিনের বিরুদ্ধে স্বাগতিক ব্যাটারদের চিরাচরিত দুর্বলতার পাশাপাশি নিজেদের মূল অস্ত্রেই ব্যাকফুটে থাকার সমীকরণ রেখে শেষ হলো সিরিজটি।

স্পিনারদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না পাওয়ার কথা স্বীকার করেন নাজমুল হোসেন শান্তও। 

RELATED ARTICLES

Most Popular