Homeস্পোর্টসআলভারেজকে ঘিরেই বড় স্বপ্ন দেখছেন সিমিওনে

আলভারেজকে ঘিরেই বড় স্বপ্ন দেখছেন সিমিওনে

গোল করার একাধিক সুযোগ পেয়েছিলেন। কিন্তু একবারও জালের দেখা পাননি হুলিয়ান আলভারেজ। শেষ পর্যন্ত বার্সেলোনার কাছে হেরে মাঠ ছাড়তে হয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদকেও। এমন ম্যাচের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের পারফরম্যান্স নিয়ে। তবে শিষ্যের সমালোচনায় যোগ দেননি দিয়েগো সিমিওনে। বরং আলভারেজের পাশে দাঁড়িয়ে অ্যাতলেতিকো কোচ জানিয়ে দিয়েছেন, দলের বড় স্বপ্ন পূরণ করতে হলে এই আর্জেন্টাইন তারকাকে তার সেরা ছন্দে ফিরে পেতেই হবে। আর সেই সময়ের জন্য অপেক্ষা করতেও রাজি তিনি।

রোববার নিজেদের মাঠ মেত্রোপলিতানোতে বার্সেলোনার কাছে ১-২ গোলে হেরেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। শুরুতে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ফেরমিন লোপেজের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। অথচ ম্যাচের বড় একটা সময় নিয়ন্ত্রণ ছিল অ্যাতলেতিকোর হাতেই। বিশেষ করে প্রথমার্ধে একের পর এক আক্রমণে বার্সেলোনাকে চাপে রেখেছিল সিমিওনের দল।

সেই আক্রমণগুলোর কেন্দ্রবিন্দুতে ছিলেন আলভারেজ। বার্সেলোনা গোলরক্ষক হুয়ান গার্সিয়ার সামনে দুবার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু কোনোটিই গোলে পরিণত করতে পারেননি। তবে জুলিয়ানো সিমিওনের গোলটিতে অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে আলেক্স বায়েনার জন্যও সুযোগ তৈরি করেছিলেন তিনি।

গোল করতে না পারলেও তাই আলভারেজের পারফরম্যান্সে ইতিবাচক দিকই খুঁজে পেয়েছেন সিমিওনে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শিষ্যের প্রশংসা করে অ্যাতলেতিকো কোচ বলেন, ‘আমার কাছে সে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলেছে। তিনটি গুরুত্বপূর্ণ আক্রমণে ভূমিকা রেখেছে। হুয়ান গার্সিয়ার সামনে দুবার সুযোগ পেয়েছে, জুলিয়ানোর গোলে অ্যাসিস্ট করেছে। দ্বিতীয়ার্ধে বায়েনার জন্যও ক্রস দিয়েছিল। এর চেয়ে আর কী চাইতে পারি আমরা?’

তবে আলভারেজের কাছ থেকে যে আরও বেশি প্রত্যাশা করেন, সেটিও আড়াল করেননি সিমিওনে। বিশেষ করে গোলের সামনে তার চেনা কার্যকারিতা ফিরে পাওয়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি, ‘সে অসাধারণ একজন ফুটবলার। আমরা তাকে চাই এবং তার জন্য অপেক্ষা করব। আমরা যেখানে পৌঁছাতে চাই, সেখানে যেতে হলে হুলিয়ান আলভারেজকে প্রয়োজন। তাকে ছাড়া আমাদের সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না।’

শুধু আলভারেজ নয়, বার্সেলোনার বিপক্ষে হেরেও পুরো দলের পারফরম্যান্সে সন্তুষ্ট সিমিওনে, ‘আমার খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সটাই মনে থাকবে। অভিযোগ করার মতো কিছু নেই। প্রথমার্ধে আমরা খুব ভালো প্রেসিং করেছি। প্রতিপক্ষকে অস্বস্তিতে রেখেছি। কিন্তু গোল করার ক্ষেত্রে যতটা কার্যকর হওয়া প্রয়োজন ছিল, ততটা হতে পারিনি। অন্যদিকে বার্সেলোনা খুব ভালো দল। তারা নিজেদের সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে।’

সুযোগ কাজে লাগানোর এই পার্থক্যই ম্যাচের ফল নির্ধারণ করেছে বলে মনে করেন সিমিওনে। তার দল যেখানে একের পর এক সুযোগ নষ্ট করেছে, বার্সেলোনা সেখানে তুলনামূলক কম সুযোগ পেয়েও জয় তুলে নিয়েছে। তবু খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে কোনো আক্ষেপ নেই আর্জেন্টাইন এই কোচের। বরং দলের লড়াকু মানসিকতায় গর্বিত তিনি।

‘আমি ছেলেদের নিয়ে গর্বিত। সবার পারফরম্যান্সে খুব খুশি। আমরা এখনো দল গড়ার প্রক্রিয়ার মধ্যে আছি। উন্নতির অনেক জায়গা রয়েছে। কিছু খেলোয়াড়ের আরও পরিণত হওয়া প্রয়োজন,’ বলেছেন সিমিওনে।

অবশ্য দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারার বিষয়টিও স্বীকার করেছেন তিনি। পরিস্থিতি বদলাতে একাধিক খেলোয়াড় পরিবর্তন করলেও কাঙ্ক্ষিত ফল পাননি অ্যাতলেতিকো কোচ, ‘বদলি হিসেবে যারা মাঠে নামে, তাদের কাছ থেকে সব সময় ভালো পারফরম্যান্স প্রত্যাশা করি। কিন্তু সব সময় সেটা হয় না। প্রথম ৪৫ থেকে ৫০ মিনিট আমরা খুব ভালো খেলেছি। ওই সময়টা ছিল আমাদের। এরপর শুরু হয় বার্সেলোনার সময়।’

RELATED ARTICLES

Most Popular