শিক্ষার্থী ও জাতীয় স্বার্থ বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে, পূর্বঘোষিত তারিখেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি আজ সোমবার সর্বসম্মতিক্রমে ভর্তির আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর এবং ভর্তি পরীক্ষা শুরুর তারিখ ৫ ডিসেম্বর বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কমিটি তাদের আগের সিদ্ধান্ত বহাল রেখেছে।’
তিনি বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে, আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর বহাল থাকবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৫ ডিসেম্বর থেকেই ভর্তি পরীক্ষা শুরু হবে।’
তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। ফলে তারাও ২৫ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করার সুযোগ পাবেন।’
তিনি আরও বলেন, ‘ইউজিসির সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত না। ইউজিসি যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’
ঢাবি কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে এ বছর যারা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবেন, তারা উত্তীর্ণ হলেও আর ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। কারণ, বিশ্ববিদ্যালয়ের আবেদনপ্রক্রিয়া নভেম্বরেই শেষ হবে, আর সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর থেকে।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩১ অক্টোবর। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এক বিষয়ে এবং ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
ঢাবির ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতার শর্ত অপরিবর্তিত থাকবে। অনলাইনে আবেদন শুরু হবে ১১ নভেম্বর দুপুর ১২টায় এবং চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর। চারুকলা ইউনিটের পরীক্ষা হবে ২২ ডিসেম্বর, আর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর।
অধ্যাপক আলফেছানী ছাড়াও ভর্তি কমিটির সভায় উপস্থিত ছিলেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
