শ্রীলঙ্কার বিপক্ষে চলমান রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেকের স্বাদ পেয়েছেন পাকিস্তানের চার ক্রিকেটার। তারা হলেন ওপেনার তৈয়ব আরিফ, ব্যাটিং অলরাউন্ডার মোহাম্মদ তাহা, বোলিং অলরাউন্ডার আরাফাত মিনহাস ও পেসার সাকিব খান। ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে জাতীয় দলের জার্সিতে প্রথমবার মাঠে নেমেই আলো ছড়াচ্ছেন তাদের সবাই।
এদের মধ্যে ২১ বছর বয়সী মিনহাস এর আগে আটটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের হয়ে। ঘরের মাঠে সম্প্রতি শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে স্বাগতিকদের চ্যাম্পিয়ন হওয়ার পথে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। বাকিরা আন্তর্জাতিক মঞ্চে খেলতে নেমেছেন প্রথমবারের মতো।
ম্যাচের প্রথম দিনে ফিফটি করেছিলেন ২০ বছর বয়সী আরিফ ও ২৬ বছর বয়সী তাহা। তাদের পথ ধরে মঙ্গলবার দ্বিতীয় দিনে হাফসেঞ্চুরি তুলে নেন মিনহাস। এতে এক বিরল কীর্তিতেও ভাগ বসালেন তিনজন। ৩৪ বছর পর টেস্ট ক্রিকেটের একই ইনিংসে তিন অভিষিক্ত ক্রিকেটারের পঞ্চাশোর্ধ্ব দেখল ক্রিকেট বিশ্ব।
A RARE FEAT IN TEST HISTORY!
Only twice in Test history have three debutants scored half-centuries in the same innings!
Pakistan vs Sri Lanka, 2026: (Arafat Minhas, Mohammad Taha, Tayyab Arif)
Zimbabwe vs India, 1992: (Dave Houghton, Grant Flower, Andy Flower) pic.twitter.com/ufMiXaw6EG
ওপেনিংয়ে নেমে নয়টি চার ও একটি ছয়ে ৫১ বলে ৫৭ রানের আগ্রাসী ইনিংস খেলেন আরিফ। তিনে নামা তাহার ব্যাট থেকে আসে ছয়টি চারে ১০৫ বলে ৫১ রান। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগানো মিনহাস এদিন আটে নেমে স্কোরবোর্ড সচল রাখার চাহিদা মেনে ৭২ বলে ৫২ রান করেন নয়টি চার ও একটি ছয়ে।
আগে এমন নজির ছিল কেবল একটিই। ১৯৯২ সালে হারারেতে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নেমেছিল জিম্বাবুয়ে। ভারতের বিপক্ষে ওই ম্যাচের প্রথম ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন দুই ভাই গ্র্যান্ট ফ্লাওয়ার ও অ্যান্ডি ফ্লাওয়ার এবং অধিনায়ক ডেভ হটন।
ওপেনিংয়ে নেমে ২৯৭ বলে ৮২ রান করেছিলেন ছোট ভাই গ্র্যান্ট। ছয়ে নেমে জিম্বাবুয়ের পক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে হটন খেলেছিলেন ৩২২ বলে ১২১ রানের মহাকাব্যিক ইনিংস। সাতে নেমে বড় ভাই অ্যান্ডি ২০১ বলে ৫৯ রানে আউট হয়েছিলেন।
আরিফ, তাহা ও মিনহাসের পাশাপাশি ফিফটি করেন পাকিস্তানের আরও দুজন। অধিনায়ক বাবর আজম আগের দিন ৫৮ বলে সাতটি চারে ৫০ রান করেছিলেন। আর ৫৭ রানে অপরাজিত থেকে খেলতে নামা সৌদ শাকিল দ্বিতীয় দিনে অল্পের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন। ১৯৯ বলে নয়টি চারে ৯৩ রানে থামতে হয় তাকে।
পাঁচ হাফসেঞ্চুরির সুবাদে টস হেরে আগে ব্যাটিং পাওয়া পাকিস্তান প্রথম ইনিংসে পেয়েছে বড় পুঁজি। লাঞ্চ বিরতির পর স্বাগতিকরা নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৪৩৪ রান তুলে।
এরপর অভিষিক্ত অন্য সতীর্থদের মতো ৩১ বছর বয়সী বোলার সাকিব নিজেকে মেলে ধরেন। দারুণ এক ডেলিভারিতে দিনেশ চান্দিমালকে স্লিপে ক্যাচ বানানোর পর লাহিরু উদারাকে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি করেন তিনি। এদিনও আলোকস্বল্পতায় দিনের খেলা আগেভাগে শেষ হওয়ায় ১০.১ ওভারে একটি মেডেনসহ ৫৪ রানে তার শিকার ২ উইকেট।
সাকিবের তোপে এক পর্যায়ে ৬৫ রানে ৩ উইকেট হারানো লঙ্কানরা আর কোনো উইকেট না খুইয়ে করেছে ১১৪ রান। এখনও ৩২০ রানে পিছিয়ে আছে তারা। ফলে এই টেস্টের তিনদিন বাকি থাকতে দাপট ধরে রেখেছে পাকিস্তান।
