গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাস দুটি আজমেরি পরিবহনের ব্যানারে চলাচল করত।
আজ সোমবার ভোরে ও সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যায় দ্বিতীয় বাসের আগুন নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
এর আগে আজ ভোরে একই মালিকের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পৃথক দুটি স্থানে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে অগ্নিকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘একইদিনে পৃথক সময়ে দুটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম রাত ৮টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পরিত্যক্ত দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। বাস দুটি একই মালিকের। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত ঘটনা কি না, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
