Homeআন্তর্জাতিককাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্প-ভ্যান্সের বৈঠক আজ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্প-ভ্যান্সের বৈঠক আজ

মধ্যবর্তী নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর প্রথমবারের মতো কোনো বিদেশি নেতার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দ্বৈত ভূমিকা পালনকারী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি এই দুই মার্কিন নেতার সঙ্গে বৈঠক করবেন।

মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এই তৎপরতায় মধ্যস্থতাকারীর ভূমিকায় আছেন কাতারের প্রধানমন্ত্রী।

বৈঠকে ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

দুই দিনের প্রস্তাব

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আস্থা তৈরিতে একযোগে কাজ করছে কাতার, পাকিস্তান, সৌদি আরব, মিসর ও তুরস্ক।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, দেশগুলো একটি ‘দুই দিনের প্রস্তাব’ তৈরি করেছে, যা ইতোমধ্যে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।

এই চুক্তির আওতায় প্রথম দিন যুক্তরাষ্ট্র ইরানের নৌবন্দরগুলোর বিরুদ্ধে আরোপিত অবরোধ তুলে নেবে এবং ইরানের জব্দ করা অর্থের কিছু অংশ মুক্ত করবে।

একই দিন ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) দেশটির মার্কিন বোমা হামলার শিকার হওয়া পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে।

দ্বিতীয় দিন ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। এরপর থেকে পরমাণু কর্মসূচি নিয়ে পৃথক আলোচনা শুরু হবে। প্রস্তাবে আরও খুঁটিনাটি কিছু বিষয়ের উল্লেখ আছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তাদের দুই দিনের প্রস্তাব এখনো আলোচনার টেবিলে আছে এবং তারা যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় আছেন।

তবে যুক্তরাষ্ট্র এর আগে ইরানের নিজস্ব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তেহরানের শর্তগুলোকে ‘অগ্রহণযোগ্য, হাস্যকর এবং বাস্তবতাবিবর্জিত’ বলে মন্তব্য করেন।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আলোচনার টেবিলে থাকা প্রস্তাবগুলোর মধ্যে তাদের প্রস্তাবটিকে সবচেয়ে যুক্তিসংগত বলে মন্তব্য করেন।

ভ্যান্সের সঙ্গে আলাদা বৈঠক

আল থানি ভ্যান্সের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন। এরপর ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিষয়টির আলাদা তাৎপর্য আছে।

গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় ফলের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেন জে ডি ভ্যান্স। দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারাও পরে তার সঙ্গে সুর মেলান।

জুনে অল্প কিছুদিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। সে সময় আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন ভ্যান্স। গত দুই সপ্তাহ ধরে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় ব্যক্তিগতভাবে যুক্ত ছিলেন তিনি। আল থানির সঙ্গে প্রায় প্রতিদিন কথা বলেছেন ভ্যান্স।

কাতারের প্রধানমন্ত্রী গত সপ্তাহে তেহরান সফর করেন।

বৈঠকের সাফল্য নিয়ে সংশয়

শিগগিরই কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের প্রস্তাব মেনে নিতে রাজি নন। তবে আলোচনা এগোলে এবং শক্তিশালী কোনো চুক্তির সম্ভাবনা তৈরি হলে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুব কম বলে মন্তব্য করেছেন তিনি।

দেশের ভেতরে যুদ্ধ বন্ধের চাপ বাড়লেও শিগগিরই কূটনৈতিক অগ্রগতি হবে বলে মনে করেন না পররাষ্ট্রমন্ত্রী রুবিও।

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার রাতে দেশটির কেশম দ্বীপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেখানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি নিশ্চিত করেনি গণমাধ্যমটি।

অন্যদিকে, চলতি মাসে হরমুজ প্রণালি ও আশপাশে তেলবাহী জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তা আনোয়ার গারগাশ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক সমঝোতা কঠিন বলেই মনে হচ্ছে।’

‘আমাদের দীর্ঘ সময়ের অনিশ্চয়তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। এ সময়ে সংঘাতের চূড়ান্ত নিষ্পত্তি কিংবা অঞ্চলে স্থিতিশীলতা—কোনোটিই নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই’, যোগ করেন তিনি।

ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। উপসাগরীয় আরব দেশগুলোতে ইরান হামলা চালিয়েছে। দীর্ঘদিন ধরে স্থবির থাকা ইয়েমেনের গৃহযুদ্ধও নতুন করে জোরালো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular