বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হামজা চৌধুরী। কোচ টমাস ডুলি যদি তাকে নেতৃত্ব দেন, তাহলে তা গ্রহণ করতে প্রস্তুত এই তারকা মিডফিল্ডার। তবে দলে নিজের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ফুটবলার থাকায় অধিনায়ক হওয়া নিয়ে কোনো প্রত্যাশা বা দাবি নেই তার। দলের একতা ও ড্রেসিংরুমের পরিবেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন হামজা।
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগের দিন মঙ্গলবার এবিজি স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলার। সেখানে লাল-সবুজের জার্সিতে অধিনায়কত্বের সম্ভাবনা নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘যদি কোচ আমাকে অধিনায়ক হতে বলেন, আমি হব। আপনারা জানেন, দলে আমার চেয়ে আরও অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমি বাংলাদেশের হয়ে মাত্র ১০ ম্যাচের মতো খেলেছি। আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ড্রেসিংরুমে সবার একতাবদ্ধ থাকা। আমাদের ড্রেসিংরুম অনেকটা পরিবারের মতো। কোচ যে সিদ্ধান্ত নেন, সেটাই হবে।’
চোটের কারণে ভুটানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে পারেননি নতুন অধিনায়ক তপু বর্মণ। অভিজ্ঞ এই ডিফেন্ডার এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দলনেতার আর্মব্যান্ড হামজার হাতে দেখতে পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ইংলিশ ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেওয়ার সামর্থ্য থাকলেও বাংলাদেশ দলের হয়ে এখনো তার ম্যাচের সংখ্যা তুলনামূলক কম। তাই অধিনায়কত্বের বিষয়টি কোচের সিদ্ধান্তের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।
নেতৃত্ব নিয়ে আলোচনা থাকলেও দলের সামগ্রিক উন্নতি নিয়েই বেশি আশাবাদী হামজা। ফুটবল যে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় পারফরম্যান্সের খেলা, সেটিও মনে করিয়ে দেন তিনি, ‘ফুটবল একটি দলগত খেলা, এটা শুধু আমাকে নিয়ে নয়। আর আমি দেখতে পাচ্ছি, আমরা আস্তে আস্তে উন্নতি করছি।’
আগামীকাল বুধবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে সাফ চ্যাম্পিয়নশিপে অভিষেক হতে যাচ্ছে হামজার। ফিফা উইন্ডো না থাকায় ভুটানের বিপক্ষে খেলতে না পারলেও গতকাল সোমবার ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরেই দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন তিনি। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফে নিজের প্রথম ম্যাচ নিয়ে দারুণ রোমাঞ্চিত এই তারকা।
উচ্ছ্বাস প্রকাশ করে হামজা বলেন, ‘কালকের খেলা নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। আবারও ঘরের মাঠে বড় একটি আসরে খেলা নিয়ে দারুণ শিহরিত আমি। আমাদের জন্য এটা বড় টুর্নামেন্ট।’
ঘরের মাঠে ২০০৩ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে ২৩ বছর, দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব আর ফিরে পাওয়া হয়নি। দীর্ঘ এই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার শিরোপা দেশে রেখে দেওয়ার স্বপ্ন দেখছেন হামজা। আশাবাদী কণ্ঠে তিনি বলেন, ‘বাংলাদেশের সাফ না জেতার ২৩ বছর হয়ে গেছে। ইনশাল্লাহ, এবার আমরা শিরোপাটা দেশে ফিরিয়ে আনতে পারব।’
