যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টদের বৈঠক নতুন নয়। তবে কর্তৃত্ববাদী শাসকদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকগুলো আলাদা হয়ে ওঠে, কারণ তিনি তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার চীনের শেনজেনে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকেও সেই দৃশ্য ফিরে আসতে পারে। পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠকের আশা করছেন তিনি।
শেনজেনের এই ত্রিপক্ষীয় বৈঠকের প্রতীকী বার্তা বেশ স্পষ্ট। নিজ নিজ অঞ্চলে প্রভাব বিস্তারের দাবিদার তিন বৃহৎ শক্তি, ছোট ও দুর্বল দেশগুলোকে বাদ দিয়েই নিজেদের আধিপত্যের জানান দিচ্ছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প যদি মুক্ত বিশ্বের নেতা হিসেবে কঠোর শাসকদের মুখোমুখি হতেন, তবে বিষয়টি এতটা বিস্ময়কর মনে হতো না। কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি অবজ্ঞা দেখান এবং শি ও পুতিনের কঠোর শাসনের প্রশংসা করেন। প্রায়ই তিনি তাদের কর্মকাণ্ডের সাফাই গান বা তাদের সন্তুষ্ট করতে চান।
এশিয়া সফরে আসার আগে ট্রাম্প দাবি করেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো পুতিন নাকি সংযম দেখাচ্ছেন এবং চাইলে আরও ‘অনেক কঠোর’ হতে পারতেন।
অন্যদিকে উন্নত সেমিকন্ডাক্টর চিপ নিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনায় বেইজিংয়ের মুখোমুখি না হওয়ার কারণ হিসেবে ট্রাম্প বলেন, কোনো দেশে যাওয়ার ঠিক আগে সে দেশকে অপমান করা উচিত নয়।
সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, প্রতিপক্ষদের সঙ্গে আলোচনা আর তাদের তোষণ করার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। শেনজেন বৈঠক পরাশক্তিগুলোর উত্তেজনা কমানোর কার্যকর কূটনীতি হবে, নাকি দুই কঠোর শাসক ও তাদের মতো হতে চাওয়া এক মার্কিন প্রেসিডেন্টের প্রদর্শনী হবে, তা এই সম্মেলনেই পরীক্ষা হয়ে যাবে।
সমালোচকদের মতে, ট্রাম্প বাস্তব অর্জনের চেয়ে আড়ম্বর বেশি পছন্দ করেন। চতুর প্রতিপক্ষের চাটুকারিতায় তিনি খুশি হন। প্রথম মেয়াদে শি, পুতিন ও কিমের সঙ্গে তার বৈঠকগুলো দেখতে চমকপ্রদ হলেও বাস্তবে তেমন ফল আনেনি।
শেনজেনেও বড় কোনো সাফল্যের আশা করা হচ্ছে না। ট্রাম্প বলেছেন, তারা পারমাণবিক অস্ত্র, ইরান ও ইউক্রেন নিয়ে আলোচনা করতে পারেন। তবে স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের সঙ্গে বৈঠকের আগে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান মিত্রদের সঙ্গে যেভাবে নিবিড় পরামর্শ ও দীর্ঘ প্রস্তুতি নিতেন, ট্রাম্পের মধ্যে সেই ধৈর্য কম।
চীনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকোলাস বার্নস গত মঙ্গলবার সিএনএনের এক অনুষ্ঠানে প্রশ্ন তোলেন, পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে এই বৈঠক কি আদৌ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে হচ্ছে?
তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে প্রায় পাঁচ বছর ধরে একঘরে থাকা পুতিনের জন্য ট্রাম্প নতুন প্রাণসঞ্চার করছেন। অভিজ্ঞ এই কূটনীতিকের মতে, শি জিনপিংয়ের ব্যাপক প্রশংসা করেন ট্রাম্প, অথচ শি যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হওয়ায় তার বিষয়ে ট্রাম্পের অবস্থান হওয়া উচিত ছিল সম্পূর্ণ বিপরীত।
সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্রভান্ডার ছাড়া অন্য সব দিক থেকেই রাশিয়া যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় দুর্বল শক্তি। তবু ট্রাম্প প্রায়ই পুতিনকে বাড়তি গুরুত্ব দেন। যেমন সম্প্রতি নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার ডিজেল কেনার চুক্তি কিংবা আগামী ডিসেম্বরে মায়ামিতে নিজের গলফ রিসোর্টে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানানো
সিএনএনের মতে, পুতিনের মতো ট্রাম্পও শেনজেনে নিজের গুরুত্ব প্রমাণ করতে চাইছেন। মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের কাছে বড় ধাক্কা খাওয়ার পর বিশ্বকে ও নিজ দেশের নাগরিকদের দেখাতে চান, তিনি এখনো দুর্বল হয়ে পড়েননি।
অন্যদিকে আয়োজক হিসেবে শি জিনপিং চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে নিজেকে প্রভাবশালী নেতা হিসেবে তুলে ধরার সুযোগ পাচ্ছেন, যিনি অন্য দুই পরাশক্তির নেতাকে নিজের দেশে ডেকে এনেছেন।
এই বৈঠকের ঝুঁকি স্পষ্ট। ইউক্রেন, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো উদ্বিগ্ন হয়ে দেখছে, শি, ট্রাম্প ও পুতিন কি কেবল নিজেদের স্বার্থেই কোনো সমঝোতায় পৌঁছাবেন।
তবে বিশ্বের শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যোগাযোগের পথ খোলা থাকা ও নিয়মিত বৈঠকের পক্ষেও যুক্তি আছে।
বিশ্ব এখন অস্থির। ইউক্রেন, ইরান ও তাইওয়ানের মতো অঞ্চলের বিরোধ বড় বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। একটি ফলপ্রসূ বৈঠক এসব উত্তেজনা বা মহাকাশে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা কমাতে সাহায্য করতে পারে।
বৈঠকের প্রস্তাব দেওয়াকেই ছাড় দেওয়া বলে ট্রাম্পের যে সমালোচনা করা হয়, তা অনেক সময় বাড়াবাড়ি বলেও মনে করা হয়। শত্রুর সঙ্গে কথা বলা শক্তির পরিচয়ও হতে পারে।
যুক্তরাষ্ট্র-সোভিয়েত উত্তেজনার তুঙ্গে থাকার সময় অভিষেক ভাষণে প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছিলেন, ভদ্রতা দুর্বলতার লক্ষণ নয়, আর আন্তরিকতা সব সময় প্রমাণের বিষয়; আমরা কখনো ভয়ে আলোচনা করব না, আবার আলোচনা করতেও কখনো ভয় পাব না।
ত্রিপক্ষীয় বৈঠকের আগের রাতে বুধবার এপেক সম্মেলনের স্বাগত নৈশভোজে একসঙ্গে দেখা হয় ট্রাম্প, পুতিন ও শির। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল এবং ন্যাটোর সাবেক শীর্ষ কমান্ডার জেমস স্ট্যাভ্রিডিস সিএনএনকে বলেন, তাদের এই সাক্ষাৎ ইতিবাচক।
বর্তমানে সিএনএনের সামরিক বিশ্লেষক হিসেবে কাজ করা স্ট্যাভ্রিডিস বলেন, ‘এখন ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি হচ্ছে না, আমরা চীনের সঙ্গে যুদ্ধে নেই। আমার মনে হয়েছে প্রেসিডেন্ট শি ও ট্রাম্পের মধ্যে সত্যিকারের উষ্ণতা আছে। আর ছবিগুলো দেখে মনে হচ্ছে পুতিন সেখানে আলাদা কেউ, যা হওয়াটাই স্বাভাবিক।’
আধুনিক যুগে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন, যিনি প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগের পথ খুলেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামাও তা করেছিলেন, যা নিয়ে ২০০৮ সালের দলীয় বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সমালোচনার মুখে পড়েন তিনি। পরে ওবামা ইরান ও কিউবার সঙ্গে চুক্তি করেন, যদিও ট্রাম্প তার কঠোর নীতিতে সেই উদ্যোগগুলো বাতিল করেছিলেন।
যুক্তরাষ্ট্রের আরও সংযত বৈশ্বিক অবস্থানের পক্ষে কাজ করা গবেষণাপ্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজের এশিয়া প্রোগ্রামের পরিচালক লাইল গোল্ডস্টাইন মানেন যে ট্রাম্পের বৈঠকগুলোতে ফলের চেয়ে দৃশ্যমান চমকই বেশি থাকে। তবু তিনি এগুলোকে উপকারী মনে করেন।
ব্রাউন ইউনিভার্সিটির চায়না ইনিশিয়েটিভের প্রধান গোল্ডস্টাইন সিএনএনকে বলেন, তিনি শীর্ষ বৈঠক ও আলোচনার পক্ষে। ট্রাম্প ও শির সম্পর্ক সত্যিই সৌহার্দ্যপূর্ণ মনে হয়। ব্যক্তিগত রসায়ন যে গুরুত্ব রাখে তা স্বীকার করে তিনি বলেন, ট্রাম্প ও শির মধ্যে এক ধরনের রসায়ন তৈরি হচ্ছে।
দক্ষিণ চীন সাগরে কোনো নৌ-সংঘাতের মতো আকস্মিক সংকটে বড় যুদ্ধ এড়াতে এই ব্যক্তিগত সম্পর্ক বড় ভূমিকা রাখতে পারে।
চীনে কিম জং উনের সঙ্গেও বৈঠকের আশার কথা জানিয়েছেন ট্রাম্প। অনেকের যুক্তি, প্রথম মেয়াদে কিমের সঙ্গে তার সখ্য উত্তেজনা কমিয়েছিল। তবে সেই বৈঠকগুলো উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি থামাতে পারেনি; বরং দেশটির হাতে এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অস্ত্র ও ক্ষেপণাস্ত্র রয়েছে।
গোল্ডস্টাইনের মতে, আগামী বছরগুলোতেও যদি এই ত্রিপক্ষীয় বৈঠকের ধারা বজায় থাকে, তবে এটি নিয়মিত অগ্রগতির একটি কার্যকর কাঠামো হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের এক অদ্ভুত ও নাটকীয় সময়ে বৈঠকে বসছেন ট্রাম্প ও শি। এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহীর সঙ্গে মার্কিন গোয়েন্দাদের সন্দেহভাজন এক চীনা এজেন্টের সম্পর্ক নিয়ে যে খবর বেরিয়েছে, ট্রাম্প তা তেমন গুরুত্ব দেননি।
দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে এআই প্রতিযোগিতা যখন সামরিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখন এই ঘটনা মার্কিন প্রযুক্তিতে চীনের অনুপ্রবেশের চেষ্টাকেই সামনে এনেছে।
ট্রাম্পের প্রথম মেয়াদের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মঙ্গলবার সিএনএনকে বলেন, ট্রাম্পের উচিত কঠোর অবস্থান নেওয়া।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আমি কাছ থেকে দেখেছি। আমার মনে হয়, তার সঙ্গে সরাসরি কথা বলার মতো সক্ষমতা ট্রাম্পের আছে। যুক্তরাষ্ট্র কী মেনে নেবে না এবং এর পরিণতি কী হবে, তা তিনি স্পষ্ট করে বলতে পারবেন।’
শেনজেনে আরেকটি বাস্তবতা আছে, যা ট্রাম্প হয়তো ভাবতে চান না। কোনো বিপ্লব, অসুস্থতা বা মৃত্যু না ঘটলে শি ও পুতিন আরও বহু বছর ক্ষমতায় থাকবেন। কিন্তু ট্রাম্পের অসুবিধা হলো তিনি একটি গণতান্ত্রিক দেশের নেতা, যে দেশের ভোটাররা সদ্য তাকে বড় ধাক্কা দিয়েছে। তার কর্তৃত্ববাদী বন্ধুরা এমন কোনো চাপের মুখে নেই।
এই ভারসাম্যহীনতার প্রভাব নীতিতেও পড়তে পারে। ২০২৯ সালে নতুন মার্কিন প্রেসিডেন্ট এলে নীতি আবার বদলাতে পারে, এই হিসাব মাথায় রেখে চীন তার স্বভাবসুলভ দীর্ঘমেয়াদি কৌশল ধরে রাখতে পারে। অন্যদিকে পুতিন ভাবতে পারেন, অন্য যেকোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ট্রাম্পের সময়েই ইউক্রেন নিয়ে তার পক্ষে ভালো চুক্তি করা সম্ভব।
সিএনএনের বিশ্লেষণে বলা হয়, আয়োজক হিসেবে শি জিনপিং ট্রাম্পের রাজনৈতিক দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করবেন।
লন্ডনের সোয়াস চায়না ইনস্টিটিউটের পরিচালক স্টিভ সাং সিএনএন ইন্টারন্যাশনালকে বলেন, চীনারা স্পষ্টই দেখছে যে, ডোনাল্ড ট্রাম্প এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। প্রথমত মধ্যবর্তী নির্বাচনের ফলের কারণে, আর দ্বিতীয়ত গত কয়েক দিনে প্রযুক্তি খাতের নানা বিতর্কের কারণে। ট্রাম্প যদি এখন চীনের ওপর চাপ সৃষ্টি করতে চান, তবে এই পরিস্থিতি চীনকে আরও সাহসী করে তুলবে।
তবে সাং আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে শির ব্যক্তিগত অনুভূতি যা-ই হোক না কেন, তিনি ট্রাম্পের সঙ্গে রূঢ় আচরণ করবেন না, কারণ তিনি ভালো সম্পর্ক বজায় রাখতে চান।
