জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেট-সংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের পর সন্দেহভাজন এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্কিংয়ে রাখা দুটি বাসের মাঝখানে একটি ককটেল বিস্ফোরিত হয়।
আটক রেজওয়ান আহমেদ ২০২১-২২ শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পার্ক করে রাখা দুটি বাসের মাঝখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি। পরে এক সন্দেহভাজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে নিষিদ্ধ ছাত্রলীগের জবি শাখার কর্মী বলে পরিচয় দেন।
জবি প্রক্টর অধ্যাপক নাসির আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, দ্বিতীয় গেটের পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। তবে ঘটনার সময় আমরা ক্যাম্পাসে ছিলাম না। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে।
তিনি বলেন, সন্দেহভাজন একজনকে আটক করেছে ছাত্রদলের কর্মীরা। তাকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য যোগাযোগ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
