গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছে। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না—ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইন-কানুন সব দেখে তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।
দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছে, সে দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পত্র পাঠিয়েছি, তাকে যেন আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়, বলেন সালাহউদ্দিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্র সংগঠন মঙ্গলবার ‘দেশব্যাপী সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটায় জনমনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করছি, পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মধ্যে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোরভাবে দমন করবে।’
‘এটা যারাই করুক, এরা সবাই দুষ্কৃতকারী,’ বলেন তিনি।
