আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা।
এই রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি একদিন নিজ দেশ মিয়ানমারে ফেরার সুযোগও তৈরি করবে বলে আশা তাদের।
গত ৩ নভেম্বর আইসিজের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নেদারল্যান্ডসের হেগে আজ বৃহস্পতিবার এ রায় দেওয়া হবে।
রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে মিয়ানমার গণহত্যা সনদ ভেঙেছে, এই অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মামলাটি করেছিল গাম্বিয়া।
এর আগে ২০২০ সালের জানুয়ারিতে আদালত মিয়ানমারকে গণহত্যা সনদে নিষিদ্ধ কাজ ঠেকাতে অন্তর্বর্তী ব্যবস্থা নিতে বলেছিলেন। একইসঙ্গে নির্যাতনের প্রমাণ সংরক্ষণেরও নির্দেশ দেন।
চলতি বছরের জানুয়ারিতে শুনানি শেষে এখন রায় দিতে যাচ্ছেন আদালত।
এদিকে গণহত্যার রায়ের পাশাপাশি ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণ চেয়েছে গাম্বিয়া। এমন ঘটনা যেন আর না ঘটে, সেই নিশ্চয়তাও চেয়েছে দেশটি।
মামলাটি বিশ্বজুড়েই নজর কেড়েছে। এর কার্যক্রমে যুক্ত হয়েছে ১১টি দেশ।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে রোহিঙ্গাদের দুর্ভোগ বড় আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। এতে মিয়ানমারের ওপর নৈতিক ও কূটনৈতিক চাপও বাড়তে পারে।
তিনি বলেন, এমন স্বীকৃতি রোহিঙ্গাদের অধিকার ও পরিচয়ের দাবি আরও জোরালো করবে। তবে এ রায়ের পরই সরাসরি প্রত্যাবাসন শুরু হবে না।
ফোর্টিফাই রাইটসের পরিচালক তৃতীয় জন কুইনলি বলেন, তাদের গবেষণা ও আইনি বিশ্লেষণেও দেখা গেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা হয়েছে।
রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ভুক্তভোগীদের নেতৃত্বে ক্ষতিপূরণ প্রক্রিয়া চালানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া এবং হারানো জমি ও সম্পত্তির ক্ষতিপূরণের বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলেন।
