Homeআন্তর্জাতিকত্রিপক্ষীয় বৈঠকের আগে এপেক সম্মেলনে বক্তব্য দিলেন শি, ট্রাম্প ও পুতিন

ত্রিপক্ষীয় বৈঠকের আগে এপেক সম্মেলনে বক্তব্য দিলেন শি, ট্রাম্প ও পুতিন

চীনের শেনজেনে এপেক সম্মেলনের মূল অধিবেশনে বক্তব্য দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো তিন নেতার একসঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে বিবিসি জানিয়েছে, বৈঠকের আগে এপেক সম্মেলনে যোগ দিতে শেনজেন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ সেন্টারে পৌঁছান তিন নেতা।

অধিবেশনের শুরুতে বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য দেন শি জিনপিং। মুক্ত বাণিজ্য, নানামুখী অর্থনীতি ও তথ্য ব্যবস্থাপনার মতো বিষয়ে সবার সমর্থন চান তিনি।

শি বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে চীনের গভীর সম্পর্ক রয়েছে এবং এ অঞ্চলের সহযোগিতা বাড়াতে দেশটি কাজ করে যাবে। এজন্য দুই কোটি ডলার খরচ এবং শেনজেনে একটি এশিয়া-প্যাসিফিক গবেষণা কেন্দ্র খোলার ঘোষণা দেন তিনি।

বিবিসি জানিয়েছে, শির বক্তব্যের সময় ট্রাম্পকে চোখ বন্ধ করে থাকতে এবং পুতিনকে মনোযোগ দিয়ে কাগজপত্র পড়তে দেখা গেছে।

এরপর বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শত শত বছর ধরেই যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বড় শক্তি। এই অঞ্চলের উন্নতি, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও শান্তি বজায় রাখতে ওয়াশিংটন কাজ করে যাচ্ছে এবং এখানকার দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্কও খুব মজবুত।

নিজ দেশের অর্থনীতির কথা তুলে ধরে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় রয়েছে এবং যা ঘটছে তা অভাবনীয়।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে গঠনমূলক অর্থনৈতিক সম্পর্ক গড়তে চায় রাশিয়া। নিজেদের এ অঞ্চলেরই অংশ উল্লেখ করে তিনি বলেন, এখানে মস্কোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ ছাড়া এ অঞ্চলে বিপুল পরিমাণ শস্য ও সার পাঠানোর পাশাপাশি এআই ও প্রযুক্তিগত অভিজ্ঞতাও অংশীদারদের সঙ্গে ভাগাভাগি করতে রাশিয়া প্রস্তুত বলে জানান পুতিন।

বক্তব্যের শেষে এপেকের চূড়ান্ত যৌথ বিবৃতিতেও রাশিয়ার সমর্থনের কথা জানান তিনি।

সম্মেলনের ফাঁকে শি, ট্রাম্প ও পুতিনের এই বৈঠকে বড় কোনো অর্জনের চেয়ে প্রতীকী গুরুত্বই বেশি থাকতে পারে বলে বিশ্লেষকদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কিলিন ভিলা রিসোর্টে তিন নেতার এই বৈঠকের বন্ধ দরজার ভেতরে কী ঘটে, সেদিকেই সবার নজর থাকবে।

যুক্তরাষ্ট্রের ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক রায়ান হাস এএফপিকে বলেন, চীন কোনো বৈঠকের আয়োজন করলে প্রতিটি বিষয় আগে থেকেই ঠিক করে রাখে, যাতে চীনা নেতার কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ ফুটে ওঠে।

তবে বৈঠকে যেহেতু ট্রাম্প ও পুতিনের মতো দুই নেতা থাকছেন, তাই অপ্রত্যাশিত কিছু পুরোপুরি এড়ানো যাবে না বলেই মনে করেন তিনি।

অনেকের আশঙ্কা, কিয়েভ বা ইউরোপকে বাদ দিয়ে ইউক্রেনের ভাগ্য ঠিক করার মতো বিষয় নিয়ে কথা হতে পারে তিন নেতার।

তবে চীন বলছে, বিশ্বশান্তি রক্ষা এবং বড় শক্তিগুলোর সম্পর্কের স্থিতিশীলতা বাড়াতেই এই আলোচনা হবে।

চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়াং ওয়েন বলেন, আলোচনা যেন সরাসরি ও কাজের হয়, সেজন্য মূল বৈঠকে শুধু রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকবেন।

তবে সম্ভাব্য যৌথ বিবৃতি তৈরি ও নীতিগত সহায়তার জন্য প্রতিটি দেশের পুরো দলই সেখানে উপস্থিত থাকবে বলে জানান তিনি।

রায়ান হাস বলেন, পুরো পরিস্থিতি শির নিয়ন্ত্রণে আছে, এমন বার্তা দিতে সংবাদমাধ্যমের প্রবেশ সীমিত রাখা হবে।

তার মতে, বৈঠকটিকে স্মরণীয় করে রাখতে তারা একটি সংক্ষিপ্ত যৌথ বিবৃতিও দিতে পারেন। এতে বড় কোনো বাধ্যবাধকতা না থাকলেও নিয়মিত যোগাযোগ রাখা এবং পারমাণবিক স্থিতিশীলতা বজায় রাখার মতো সাধারণ কিছু প্রতিশ্রুতি থাকতে পারে।

রুশ রাজনৈতিক বিশ্লেষক কনস্তানতিন কালাচেভ এএফপিকে বলেন, বড় কোনো কূটনৈতিক সাফল্য না এলেও এই বৈঠক তিন নেতারই ভাবমূর্তি বাড়াবে।

তিনি বলেন, বৈঠকের পর রাশিয়ায় এমন বার্তা দেওয়া হবে যে বিশ্বমঞ্চে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো না থাকলেও তারা আছে।

RELATED ARTICLES

Most Popular